বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে ৩৯ ও ৪৪ নম্বর ট্রামলাইনের চলাচল তেরভুরেন বুলেভার্দে সংস্কারকাজের কারণে দীর্ঘদিনের জন্য বিঘ্নিত হতে যাচ্ছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জুল সিজার ও চিয়েন ভার্ট ট্রামস্টেশনের মাঝে পুরোনো হয়ে যাওয়া রেললাইন এবং অবকাঠামো নবায়নের কাজ আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে। এ কাজ ২০২৭ সালের এপ্রিল পর্যন্ত চলবে বলে জানানো হয়েছে।
প্রকল্পের আওতায় শুধু রেললাইন নয়, জুল সিজার ও চিয়েন ভার্ট দুইটি ট্রামস্টেশনও আধুনিকায়ন করা হবে। ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য এলাকায় স্থাপন করা হবে বিশেষ গতিনিয়ন্ত্রক প্ল্যাটফর্ম। সংস্কারকাজ চলাকালে ৩৯ নম্বর ট্রাম চলবে শুধু বান এইক থেকে ট্রাম মিউজিয়াম অংশে এবং ৪৪ নম্বর ট্রাম চালু থাকবে তেরভুরেন থেকে ট্রাম মিউজিয়াম পর্যন্ত।
ট্রাম চলাচল বন্ধ থাকায় যাত্রীদের সুবিধার জন্য ট্রাম মিউজিয়াম, মঁগোমেরি ও মেরোদের মধ্যে অতিরিক্ত বাস (টি-বাস) চালুর ব্যবস্থা নেওয়া হবে। ট্রাম মিউজিয়াম থেকে মঁগোমেরি ও মেরোদ পর্যন্ত যাত্রাপথ মূল তেরভুরেন বুলেভার্দ দিয়ে পরিচালিত হবে। যাত্রীদের যাতে মেট্রোর সংযোগ সুবিধা অব্যাহত থাকে, সে জন্য বাস মেরোদ পর্যন্ত চলবে।
সংস্কারকাজ চলাকালে রেললাইনের পাশে থাকা যান চলাচলের একটি লেইন ব্যবহারের অনুমতি দেওয়া হবে। তবে স্থানীয় যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে এবং কাজের এলাকায় গাড়ি পার্কিং সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
