যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দ্বন্দ্ব ফের চরমে উঠায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সোমবার উল্লেখযোগ্য হারে বেড়ে গেছে। উভয় দেশের মধ্যে পাল্টাপাল্টি হামলার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বজুড়ে পণ্যের দামে এই ঊর্ধ্বগতি লক্ষ্য করা যায়।
বেলজিয়াম সময় অনুযায়ী ভোর ৫টার দিকে আন্তর্জাতিক মানদণ্ডের ব্রেন্ট ক্রুড অয়েলের দাম প্রতি ব্যারেল ২ দশমিক ৬ শতাংশ বেড়ে দাঁড়ায় ৯০ দশমিক ৪০ ডলারে। অপরদিকে, যুক্তরাষ্ট্রের বাজারে ব্যবহৃত WTI অপরিশোধিত তেলের দামও ২ দশমিক ২ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে পৌঁছে যায় ৮৫ দশমিক ২৫ ডলারে।
রবিবার প্রায় এক মাস পর যুক্তরাষ্ট্র নতুন করে ইরান-সংযুক্ত বিভিন্ন লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়। জবাবে, ইরানও জর্দানের মার্কিন সামরিক স্থাপনায় হামলা পরিচালনা করে। পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে ওঠায় বাজারে তেলের দামে এই দ্রুত বৃদ্ধি দেখা যাচ্ছে।
