বেলজিয়ামের ব্রাসেলসে স্থানীয় পুলিশ বাহিনীর উদ্যোগে একটি বিস্তৃত ট্রাফিক নিরাপত্তা অভিযান চালানো হয়েছে। ব্রাসেলসের নর্থ পুলিশ (PolBruNo) এবং মন্টগোমেরি পুলিশ কর্তৃপক্ষ এ অভিযান পরিচালনা করে। অভিযানটির মূল লক্ষ্য ছিল মদ্যপান বা মাদক গ্রহণের পর যানবাহন চালানো প্রতিরোধ করা।
এ অভিযানে এক হাজারেরও বেশি চালককে তল্লাশি করা হয়। পাশাপাশি, শতাধিক গাড়িকে বিশেষভাবে পরীক্ষা ও পর্যালোচনা করা হয় এবং যানবাহন চালকদের সড়কে নিরাপদ অবস্থান নিশ্চিত করতে তৎপরতা চালানো হয়।
পুলিশ জানিয়েছে, সড়কে নিরাপত্তা জোরদার করাই ছিল এ তৎপরতার মূল উদ্দেশ্য। চালকদের মধ্যে মাদক বা অ্যালকোহল গ্রহণ করে গাড়ি চালানোর প্রবণতা প্রতিরোধে এ ধরনের অভিযান গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আরও জানান, ট্রাফিক নিরাপত্তা নিশ্চিত করা প্রাণহানির ঝুঁকি কমাতে এবং সার্বিক জনস্বার্থ রক্ষায় সর্বাধিক গুরুত্ব পাচ্ছে।
