জার্মান এয়ারলাইন কোম্পানি ডিসকভার এয়ারলাইন্স ঘোষণা করেছে, ২০২৭ সালের গ্রীষ্মকালীন মৌসুমে ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্তরাজ্যের তিনটি নতুন গন্তব্যে সরাসরি ফ্লাইট চালু করবে। এ তিনটি গন্তব্য হলো ইংল্যান্ডের ব্রিস্টল এবং স্কটল্যান্ডের গ্লাসগো ও ইনভেরনেস। এর ফলে স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলে যাতায়াতে নতুন সুবিধা যুক্ত হচ্ছে।
সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ফ্রাঙ্কফুর্ট-গ্লাসগো রুটে ফ্লাইট শুরু হবে ২০২৭ সালের ২৯ মার্চ থেকে এবং প্রতি সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করা হবে। ব্রিস্টল রুটে ফ্লাইট চালু হবে ১৭ মে থেকে, সপ্তাহে দুটি ফ্লাইট পরিচালিত হবে। ইনভেরনেসে ফ্লাইট যাবে ১৯ জুন থেকে এবং সপ্তাহে একবার এ রুটে বিমান চলবে। প্রতিটি ফ্লাইটেই ব্যবহৃত হবে এয়ারবাস এ৩২০ মডেলের উড়োজাহাজ এবং প্রতিটি ফ্লাইটের সময় প্রায় দুই ঘণ্টা নির্ধারিত হয়েছে।
গ্লাসগো রুটে ফ্রাঙ্কফুর্টের পাশাপাশি মিউনিখ থেকেও ফ্লাইট যুক্ত করার পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। নতুন এ তিন রুট চালুর ফলে গ্রীষ্মকালীন মৌসুমে ফ্রাঙ্কফুর্ট থেকে যুক্তরাজ্য অভিমুখে সপ্তাহে মোট ১১টি ফ্লাইট পরিচালিত হবে। ব্রিস্টল শহরটি কটসওল্ডস অঞ্চলে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ; গ্লাসগো ও ইনভেরনেস থেকে আবার স্কটল্যান্ডের হাইল্যান্ডস অঞ্চলের দর্শনীয় পাহাড়, হ্রদ ও বৃহৎ প্রকৃতিক এলাকায় যাতায়াত সহজ হবে।
ডিসকভার এয়ারলাইন্সের এক নির্বাহী কর্মকর্তা জানান, বর্তমানে পর্যটকদের মধ্যে প্রকৃতি, মুক্তবাতাসের পরিবেশ, সাংস্কৃতিক সৌন্দর্য ও গোটা অঞ্চলকে কাছ থেকে দেখার আগ্রহ বাড়ছে। এসব কারণেই নতুন রুটগুলো পর্যটকদের মাঝে ইতিবাচক সাড়া ফেলবে বলে প্রত্যাশা করছে প্রতিষ্ঠানটি।
