জার্মানির লাইপজিগে সাম্প্রতিক এক ঘটনার সঙ্গে রাশিয়ার সম্পৃক্ততার অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন রাশিয়ার বার্লিনে নিযুক্ত রাষ্ট্রদূত সের্গেই নেচায়েভ। তিনি বলেন, রাশিয়ার বিরুদ্ধে সন্ত্রাসী হামলা বা তাতে যুক্ত থাকার যে অভিযোগ তোলা হয়েছে, তার পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ, উপাত্ত কিংবা বিশেষজ্ঞ মতামত এখনো উপস্থাপন করেনি জার্মান কর্তৃপক্ষ।
রাষ্ট্রদূত নেচায়েভ দাবি করেন, সাক্সনি ও লাইপজিগ অঞ্চলের সঙ্গে রাশিয়ার সম্পর্ক বরাবরই ভালো। ওই অঞ্চলে রাশিয়ানদের বেশ কিছু প্রতিষ্ঠান ও সমপ্রদায় রয়েছে। তিনি বলেন, পূর্ব জার্মানির রাজ্যগুলোতে সামনের নির্বাচনের আগে রাশিয়া-বিরোধী মনোভাব তৈরি করা রাশিয়ার স্বার্থের পরিপন্থী। এ বিষয়ে কোনো তথ্য-প্রমাণ থাকলে দুই দেশের সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে পৃথক বৈঠকের আহ্বান জানান তিনি।
এছাড়া, সংশ্লিষ্ট ঘটনার সঙ্গে রাশিয়া বা রাশিয়ার কোনো গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততা নেই বলেও দাবি করেন নেচায়েভ। বরং, ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে রাশিয়াকে অভিযুক্ত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
বিখ্যাত এই কূটনীতিক আরও জানান, জার্মান সরকারের সাম্প্রতিক নীতিতে রাশিয়ার জনগণ হতাশ ও বিরক্ত। বিশেষ করে, আগামী ১ সেপ্টেম্বর থেকে বন শহরের রাশিয়ান কনস্যুলেট ও জার্মানির বার্লিনে ফ্রিডরিখস্ট্রাসে অবস্থিত রুশ সংস্কৃতি কেন্দ্র বন্ধের সিদ্ধান্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর মতে, এসব পদক্ষেপের ফলে জার্মানিতে অবস্থানরত রুশ সংস্কৃতি ও কনস্যুলেট সেবার ওপর নেতিবাচক প্রভাব পড়বে এবং সেখানে বসবাসকারী রুশ প্রবিবাসীদের জন্য তা সমস্যার কারণ হবে।
