ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতিবিষয়ক উচ্চ প্রতিনিধি কায়া কলাস জানিয়েছেন, রাশিয়ার সামরিক শিল্পের ওপর নতুন নিষেধাজ্ঞার একটি তালিকা প্রস্তুতের কাজ চলছে। আয়ারল্যান্ডে অনুষ্ঠেয় অনানুষ্ঠানিক ইইউ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে তিনি এক বিবৃতিতে জানান, এই নতুন তালিকায় ১,৬০০ ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম অন্তর্ভুক্ত করা হবে।
কায়া কলাস আরও জানান, সম্প্রতি জার্মানির লাইপজিগ-হাল্লে বিমানবন্দরে বিস্ফোরক ডিভাইসসহ একটি ড্রোন পাওয়া গেছে, যেটির জন্য তিনি রাশিয়াকে দায়ী করেন। তিনি বলেন, এই ধরনের ঘটনা রাষ্ট্রীয় মদদপুষ্ট সন্ত্রাসবাদে যুক্ত থাকার প্রমাণ বহন করে। ঘটনার পর জার্মানি যে পদক্ষেপ নিয়েছে, তা উল্লেখযোগ্য বার্তা হিসেবে বিবেচিত হবে বলে তিনি মনে করেন। ইউরোপের ওপর হাইব্রিড হামলাগুলো রাশিয়ার প্রতি নরম দৃষ্টিভঙ্গি নেওয়া দেশগুলোর জন্য সতর্কবার্তা বলেও উল্লেখ করেন তিনি।
বৈঠকে মস্কোর ওপর চাপ আরও বাড়ানো, ইইউর পররাষ্ট্রনীতিতে দৃঢ়তা আনা এবং আন্তর্জাতিক মঞ্চে সদস্য দেশগুলোর ঐক্যবদ্ধ অবস্থান নিয়ে আলোচনা হবে। এছাড়াও, রেড সি ও হরমুজ প্রণালীতে নিরাপদ বাণিজ্য চলাচল এবং ইসরায়েলের দখলে থাকা পশ্চিম তীরে সাম্প্রতিক পরিস্থিতি নিয়েও আলোচনা করার কথা রয়েছে।
