আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জলবায়ু নীতিবিদ এবং জাতিসংঘের আন্তঃসরকার জলবায়ু পরিবর্তন প্যানেলের (আইপিসিসি) সদস্য ফ্রঁসোয়া জেমেন সম্প্রতি এক টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন, বেলজিয়াম জলবায়ু পরিবর্তনজনিত চরম আবহাওয়ার জন্য যথাযথ প্রস্তুতি নিতে পারেনি। তিনি উল্লেখ করেন, বিশেষভাবে দাবানল দমনে দেশটির বিমান সহযোগিতা মারাত্মকভাবে সীমিত।

সম্প্রতি ইউরোপীয় ইউনিয়নের কপারনিকাস জলবায়ু পরিবর্তন পরিষেবা জানিয়েছিল, চলতি বছরের জুন ও জুলাই ছিল পশ্চিম ইউরোপের ইতিহাসের সবচেয়ে উষ্ণ সময়কাল। ফ্রঁসোয়া জেমেন জানান, এমন অতিরিক্ত তাপমাত্রা কৃষি, জলসংস্থান ও দাবানলের ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। তাঁর মতে, এসব ঘটনাকে এখন আর ব্যতিক্রমী না বলে স্বাভাবিক হিসেবেই বিবেচনা করা উচিত।

তিনি আরও জানান, চলতি গ্রীষ্মে বেলজিয়ামে বন-দাবানলের সংখ্যা বেড়েছে। এ প্রেক্ষিতে সরকারের অগ্রাধিকারের মধ্যে কানাডিয়ার মডেলের আগুন-নির্বাপণ বিমান সংগ্রহ গুরুত্ব পাবে বলে মত দেন এই বিশেষজ্ঞ। জেমেন বলেন, এসব বিশেষ বিমান সংগ্রহে কয়েক বছর সময় লাগতে পারে। সেজন্য, দাবানল মোকাবিলায় বৈমানিক সক্ষমতা উন্নয়নের পরিকল্পনা অবিলম্বে শুরু করা জরুরি বলেও তিনি আহ্বান জানান।