বেলজিয়ান ফেডারেল পুলিশ পশ্চিম ফ্ল্যান্ডারজুড়ে ৮ আগস্ট বড় পরিসরের একটি অভিযান পরিচালনা করেছে। মূলত ছোট নৌকায় মানব পাচার রোধ ও সড়ক নিরাপত্তা নিশ্চিত করার জন্য এই তল্লাশি পরিচালিত হয়। অভিযানে স্থানীয় পুলিশ, সড়ক পুলিশ, হস্তক্ষেপকারী দল, নৌ পুলিশ এবং কুকুরসহ বিভিন্ন বিশেষায়িত ইউনিট অংশ নেয়।

তল্লাশি অভিযানে মোট ৫৩৬টি ব্যক্তিগত যানবাহন ও ৯৩টি ট্রাক পরীক্ষা করা হয়। এতে গুরুত্বপূর্ণ কয়েকটি লঙ্ঘন চিহ্নিত হয়। দশজন চালকের ড্রাইভিং লাইসেন্স ১৫ দিন এবং একজনের লাইসেন্স ১২ ঘণ্টার জন্য জব্দ করা হয়েছে। মোট ৩২টি মামলা করা হয়েছে। পুলিশের তালিকাভুক্ত দুইজন পলাতককে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে অভিযানে ৭০ হাজার চোরাচালান করা সিগারেট উদ্ধার করা হয়।

শর্ত না মানার কারণে একজনের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। ফেডারেল পুলিশ জানিয়েছে, মানব পাচার ও সংগঠিত অপরাধ দমনে এবং সড়ক নিরাপত্তা জোরদারে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বিত উদ্যোগ কার্যকর ফল দিচ্ছে।