বেলজিয়ামের পূর্বাঞ্চলের ইউকস ফেন্স এলাকায় চলমান বনাঞ্চলের আগুন নিয়ন্ত্রণে আনার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে দেশটির সামরিক বাহিনী। ১৫ আগস্ট থেকে প্রায় ৪০ জন সেনা সদস্য পালাক্রমে ২৪ ঘণ্টা করে উদ্ধার ও সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছেন। এসব সেনা সদস্যরা দেশের বিউভেশেইন, ফ্লোরেনেস এবং ক্লেইন ব্রোগেল সামরিক স্থাপনা থেকে নিয়োজিত হয়েছেন।

আগুন নিয়ন্ত্রণে ইতোমধ্যে ৬টি আধুনিক পান্থার ফায়ার ইঞ্জিন ও অগ্নিনির্বাপণ ট্রাক ব্যবহার করা হচ্ছে, যা বিশেষভাবে দুর্গম ও দূরের স্থানে পানি পরিবহনের মাধ্যমে কার্যকর ভুমিকা রাখছে। একই সঙ্গে স্পা শহরের ১২/১৩ পদাতিক বাহিনীও ফায়ার সার্ভিসের সঙ্গে লজিস্টিক সহায়তা প্রদান করছে।

বেলজিয়াম প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়েছে, এই কার্যক্রম দেশের জন্য জরুরি সহায়তার অংশ হিসেবে পরিচালিত হচ্ছে। স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে অনুরোধ থাকলে সামরিক বাহিনীর উপস্থিতি ও সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।