বেলজিয়ামের ডেনডারমন্ড শহরে প্রায় ৯ মিলিয়ন ইউরো মূল্যের স্বর্ণ উদ্ধার নিয়ে অন্তত পাঁচজন মালিকানা দাবি করেছেন। এদের মধ্যে একজন দাবি করেছেন, তার আগের জীবনে এসব স্বর্ণ তিনি গোপনে লুকিয়ে রেখেছিলেন।

ডেনডারমন্ড পুলিশের প্রধান প্যাট্রিক ফেইস জানান, শুধু স্থানীয় নয়, বিদেশ থেকেও এ ধরনের দাবি এসেছে। লাত্ভিয়া থেকে এক ব্যক্তি জানান, তার দাদা এক সময় ডেনডারমন্ডের ভ্যান আশে বিয়ার কারখানায় কাজ করতেন এবং বহু বছর আগে একটি দেয়ালে অর্থ লুকিয়ে রাখেন। পরিবারকে তিনি বলেছিলেন, তাদের প্রচুর সম্পদ রয়েছে। ওই দাবি অনুযায়ী, সদ্য উদ্ধার হওয়া স্বর্ণ তাদের পারিবারিক সম্পদ।

কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধারকৃত স্বর্ণের বার ও কয়েনগুলো কোনো অপরাধের সঙ্গে জড়িত কি না, তা নিয়েও তদন্ত চলছে। পুলিশ পরামর্শ দিয়েছে, যেসব ব্যক্তি নিজেদের স্বর্ণের উত্তরাধিকারী বলে মনে করছেন, তারা যেন সরাসরি থানায় যোগাযোগ না করে, আইনজীবী বা নোটারির মাধ্যমে আইনি পদ্ধতি অনুসরণ করেন।

স্বর্ণের মালিকানা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে আদালত।