ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তাদের নিজস্ব দেশে নিষিদ্ধ করা কীটনাশক ব্যবহার রোধে আমদানিকৃত কৃষিপণ্যেও এই বিধি কার্যকর করার পরিকল্পনা করছে। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে কৃষিপণ্য আমদানিতে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে ৪১ শতাংশ পর্যন্ত হ্রাস ঘটতে পারে বলে সংশ্লিষ্টরা আশঙ্কা করছেন। এতে কফি, সয়া ও বিভিন্ন ধরনের কমলাসহ ফলের ওপর বড় ধরনের প্রভাব পড়তে পারে।

অনেকেই বলছেন, ইউরোপের উৎপাদন এই ঘাটতি পূরণ করতে পারবে না। ফলে বাজারে কফি পণ্যের দাম তিনগুণ পর্যন্ত বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে।

নতুন এই উদ্যোগকে সমর্থনকারীরা বলছেন, এর ফলে বিশ্বজুড়ে কৃষিপণ্যের মান ও নিরাপত্তা একরকম থাকবে। তবে যারা এর বিরোধিতা করছেন, তারা মনে করছেন এটি বৈশ্বিক বাণিজ্যের পথে নতুন প্রতিবন্ধকতা সৃষ্টি করবে।

ইউরোপীয় কমিশন জানিয়েছে, ৪১ শতাংশ আমদানি কমার পূর্বাভাসটি সবচেয়ে খারাপ পরিস্থিতির জন্য করা হয়েছে। তারপরও, কঠোর এই বিধিনিষেধ বাস্তবায়িত হলে কৃষিপণ্যের আমদানি কমার পাশাপাশি ভোক্তাদের জন্য পণ্যের মূল্য বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।