ইউরোপীয় কমিশনের যৌথ গবেষণা কেন্দ্রের আগস্ট মাসের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপে চলতি বছরের গ্রীষ্মে তীব্র গরম ও খরা কৃষিখাতে ব্যাপক সংকট সৃষ্টি করেছে। জুলাইয়ের শুরু থেকে আগস্টের মাঝামাঝি পর্যন্ত দীর্ঘমেয়াদি উচ্চচাপ বলয়ে তাপপ্রবাহ ও কম বৃষ্টিপাতের কারণে, ইউরোপের পশ্চিম, দক্ষিণ-পশ্চিম এবং মধ্য ইউরোপের দক্ষিণ অংশে স্বাভাবিকের তুলনায় দৈনিক গড় তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়েছে। ফ্রান্সের কিছু অঞ্চলে স্বাভাবিকের চেয়ে তাপমাত্রা ৬ ডিগ্রি পর্যন্ত বেশি রেকর্ড হয়েছে।
তীব্র গরম ও পানি ঘাটতির ফলে, গ্রীষ্মকালীন ফসলের ফলন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে; অনেক ক্ষেত্রেই গাছপালা অস্বাভাবিকভাবে আগেভাগেই শুকিয়ে যাচ্ছে। ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোতে, প্রতি হেক্টরে সয়াবিন ফলনের গড় ৫ বছরের তুলনায় ১৪ শতাংশ, সাইলেজ মক্কা ১২ শতাংশ এবং সাধারণ মক্কা ৭ শতাংশ কম হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, আলুতে ফলন কমতে পারে ৬ শতাংশ, চিনির জন্য ব্যবহৃত বিটে ৫ শতাংশ এবং সূর্যমুখী ফুলে ৩ শতাংশ। দীর্ঘমেয়াদি খরা ও তাপদাহে চর ও পশুর খাদ্য সরবরাহ স্বাভাবিক মাত্রার তুলনায় যথেষ্ট কমে গেছে, ফলে পশুখাদ্য নিয়ে চিন্তা বেড়েছে।
গত দুই দশকের মধ্যে সবচেয়ে উষ্ণ এবং ২০২২ সালের পর সবচেয়ে প্রচণ্ড খরার গ্রীষ্ম পার করছে ফ্রান্স। দেশটিতে এ বছর গ্রীষ্মের শস্য উৎপাদন পাঁচ বছরের গড়ের তুলনায় ৭ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ।
