ইউরোপীয় রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (ইসিডিসি) জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে ইউরোপের ১২টি দেশে মোট ৬২৫ জনের দেহে ওয়েস্ট নাইল ভাইরাস শনাক্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, আক্রান্তদের মধ্যে সবচেয়ে বেশি রোগী ইটালিতে—সেখানে ৩১১ জনের ডায়াগনোসিস নিশ্চিত হয়েছে। দ্বিতীয় সর্বোচ্চ আক্রান্ত পাওয়া গেছে গ্রিসে, সেখানে ১৫৭ জন এবং স্পেনে ৬৩ জন আক্রান্ত হয়েছেন।
উত্তর মেসিডোনিয়ায় ৩৭, রোমানিয়ায় ২৮, ফ্রান্সে ১৭ এবং সার্বিয়ায় ৬ জনের দেহে এই ভাইরাস শনাক্ত হয়েছে।
হোল্যান্ডে ২ জন এবং আলবেনিয়া, অস্ট্রিয়া, জার্মানি ও কসোভোতে একজন করে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
ইউরোপজুড়ে এই ভাইরাস শনাক্ত হওয়া অঞ্চলের সংখ্যা দাঁড়িয়েছে ৯৯-এ। চলতি সপ্তাহে নতুন করে ২১টি অঞ্চলে প্রথমবারের মতো ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।
