বেলজিয়ামজুড়ে নগদ অর্থ লেনদেনের হার উল্লেখযোগ্যভাবে কমছে। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, দেশটির ছোট ও মাঝারি ব্যবসার মাত্র ৮১ শতাংশ এখন নগদ অর্থ গ্রহণ করছে। দুই বছর আগে এই হার ছিল ৯১ শতাংশ। নগদ গ্রহণের হার কম হওয়ায় বেলজিয়াম এখন ইউরোপের সবচেয়ে কম নগদ গ্রহণকারী দেশগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।
সর্ব ইউরোপে ব্যবসা প্রতিষ্ঠানগুলো গড়ে ৯২ শতাংশ নগদ লেনদেন গ্রহণ করে, যা আগের বছরের তুলনায় সামান্য বৃদ্ধি পেয়েছে। পুরো ইউরোপেই নগদ লেনদেন, ব্যাংক কার্ড ও মোবাইল পেমেন্টের তুলনায় এখনও বেশি প্রচলিত। বর্তমানে ব্যাংক কার্ডের মাধ্যমে ৮৮ শতাংশ এবং মোবাইল পেমেন্টের মাধ্যমে ৬৮ শতাংশ লেনদেন গৃহীত হচ্ছে। মোবাইল পেমেন্টের ক্ষেত্রে গত দুই বছরে উল্লেখযোগ্য বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে; পূর্ববর্তী জরিপে এই হার ছিল মাত্র ৩৬ শতাংশ।
নগদ লেনদেন গ্রহণে অনীহা প্রকাশ করে ব্যবসায়ীরা জানান, নগদ অর্থ উত্তোলন ও জমা দেওয়ার ঝামেলা এবং নিরাপত্তাজনিত ঝুঁকি তাদের এই সিদ্ধান্ত নিতে বাধ্য করছে। ইউরোপজুড়ে হোটেল, রেস্তোরাঁ, খাবার সরবরাহ ও খুচরা বাণিজ্য খাতে ৯৩ ভাগ ব্যবসা নগদ লেনদেন চালু রাখলেও বেলজিয়ামে এই হার নেমে এসেছে ৮০ শতাংশে। ইউরোপে ডাচ ব্যবসা প্রতিষ্ঠানগুলোর পরই বেলজিয়াম নগদ গ্রহণ না করার দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
