বেলজিয়ামের ব্রাসেলসে দায়িত্ব পালনকালে জীবন হারানো দমকলকর্মী অলিভিয়ের ফ্রানকোটের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়েছে। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী বের্নার্ড কুইন্টিন, প্রয়াত এই কর্মকর্তা স্বীকৃতিস্বরূপ প্রথম শ্রেণির সিভিল ক্রস পদক দিয়েছেন। ব্রাসেলসের কোয়েকেলবার্গ ব্যাসিলিকায় আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রীর হাতে এই মর্যাদাসূচক পদকটি পরিবারের কাছে তুলে দেওয়া হয়।
মন্ত্রী কুইন্টিন জানান, ব্রাসেলস দমকল বাহিনী বর্তমানে গভীর শোকের মধ্যে রয়েছে। তিনি বলেন, 'অ্যাডজুট্যান্ট অলিভিয়ের ফ্রানকোট ব্রাসেলস দমকল বাহিনীর ২১ নম্বর ইউনিটে কর্মরত ছিলেন এবং কর্তব্যরত অবস্থায় দুঃখজনকভাবে মৃত্যুবরণ করেন।'
মন্ত্রী আরও বলেন, ফ্রানকোটের সাহস, কর্তব্যনিষ্ঠা ও জনসেবার অসামান্য ভূমিকার স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে। তিনি নিহত দমকলকর্মীর পরিবার, স্বজন এবং সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান ও তাঁর স্মৃতি শ্রদ্ধার সঙ্গে চিরস্থায়ীভাবে ধারণ করার আহ্বান জানান।
