ইংল্যান্ডের ১২ বছর বয়সী অটিজমগ্রস্ত শিশু জোশুয়া হ্যারিস ও তার বাবা ড্যান হ্যারিস ইসলামফোবিয়া বা মুসলিমবিরোধী ঘৃণার বিরুদ্ধে সচেতনতা বাড়াতে অভিনব পদক্ষেপ নিয়েছেন। সম্প্রতি তারা ব্রাসেলসের আল মুসলিমিন মসজিদ ও বেলজিয়াম ইসলাম ফেডারেশন পরিচালিত হিজরত মসজিদ পরিদর্শন করেন। সেখানে স্থানীয় মুসল্লি ও পর্যটকদের মধ্যে 'কেক, ঘৃণা নয়' বার্তা সম্বলিত ব্যাগ হাতে কেক বিতরণ করেন জোশুয়া।

ক্যাম্পেইনের অংশ হিসেবে হিজরত মসজিদের সভাপতি ইয়াকুপ কোকা ও মুসল্লিদের স্বাগত পান বাবা-ছেলে। তারা জানিয়েছেন, ব্যক্তিগত উদ্যোগে তারা কেক বিতরণের মাধ্যমে সমাজে মুসলিম সম্প্রদায়ের প্রতি সহমর্মিতা ও সহাবস্থানের বার্তা ছড়াচ্ছেন।

২০২৫ সালের অক্টোবর মাসে ইংল্যান্ডের পিটারবরা শহরের একটি মসজিদে চরম-ডানপন্থী এক ব্যক্তির হামলার ঘটনা সামনে আসার পর শুরু হয় এই 'কেক, ঘৃণা নয়' ক্যাম্পেইন। প্রথম কেক বিতরণের পর থেকে নানা ধরনের হুমকি পেলেও তারা আরও বেশি মসজিদ পরিদর্শনের সিদ্ধান্ত নেন। ইতিমধ্যে যুক্তরাজ্যের শতাধিক মসজিদে গিয়ে কেক বিতরণ ও সচেতনতামূলক এই কার্যক্রম চালানো হয়েছে, যা এখন বৈশ্বিক পর্যায়ে ছড়িয়ে পড়ছে।