নেদারল্যান্ডসজুড়ে চলতি সপ্তাহে ফের শুরু হয়েছে তীব্র তাপপ্রবাহ। দেশটির আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানিয়েছে, শুক্রবার দক্ষিণ এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে তাপমাত্রা ৩৭ ডিগ্রিতে পৌঁছাতে পারে, আর উত্তরাঞ্চলে তাপমাত্রা থাকবে ৩৩ ডিগ্রি পর্যন্ত।
চলতি বছর এ নিয়ে পঞ্চমবারের মতো অঞ্চলভিত্তিক তাপপ্রবাহ দেখা যাচ্ছে—এর আগে এক বছরে পাঁচবার তাপপ্রবাহ ১৯৪৭ সালে রেকর্ড হয়েছিল। সে সময় শুধু মাস্ট্রিখটে উল্লেখযোগ্য তাপপ্রবাহ দেখা গেলেও এবার দক্ষিণের অনেক অঞ্চলে এই মাত্রা ছাড়িয়ে গেছে। তবে উৎরেখটের দ্য বিল্ট অঞ্চলের রেকর্ড অনুযায়ী জাতীয়ভাবে তাপপ্রবাহ ঘোষণা করা হয়নি।
আবহাওয়া অধিদফতর দেশজুড়ে তাপমাত্রা বৃদ্ধির কারণে ‘হলুদ’ সতর্কতা জারি করেছে। জনস্বাস্থ্য সংস্থা জানিয়েছে, শুক্রবার দেশের সর্বত্র এবং শনিবার দক্ষিণ-পূর্বাঞ্চলে ‘জাতীয় তাপমাত্রা প্ল্যান’ কার্যকর রাখা হবে। শুক্রবার রাতে নগরাঞ্চলে তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। শনিবার কিছু অঞ্চলে বজ্রসহ ভারী বৃষ্টিপাত ও আবহাওয়া কিছুটা শীতল হওয়ার সম্ভাবনা রয়েছে, তবে দক্ষিণ-পূর্বে তখনো ৩২ ডিগ্রি পর্যন্ত উঠতে পারে। রোববার সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি হতে পারে।
পরবর্তী সপ্তাহে তাপমাত্রা ২১ থেকে ২৫ ডিগ্রির মধ্যে নামার কথা রয়েছে এবং মঙ্গলবারের পর থেকে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কর্তৃপক্ষ। আবহাওয়া সংস্থা সতর্ক করেছে, স্বল্পস্থায়ী বৃষ্টিপাত দিয়ে দীর্ঘস্থায়ী খরা নিরসন সম্ভব হবে না—কারণ জমি এতটাই শুষ্ক হয়ে গেছে যে, পানি শোষণ না হয়ে সরাসরি পৃষ্ঠপ্রবাহে রূপ নিতে পারে।
