বেলজিয়ামের লিয়েজ শহরে ইসরায়েলি অ্যারোস্পেস ইন্ডাস্ট্রিজ (আইএআই)-এর অংশীদার প্রতিষ্ঠান বিএটিএস-এর একটি ভবনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এতে ভবনটি সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভবনটি বর্তমানে ব্যবহারের অযোগ্য বলে জানা গেছে।
স্থানীয় ফরাসি ভাষার গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে, এই অগ্নিসংযোগের দায় একটি নামবিহীন সংগঠন স্বীকার করেছে। সংগঠনটি জানিয়েছে, বিএটিএস ও আইএআই-এর মধ্যে সম্পর্কের প্রতিবাদে এবং ইসরায়েলের অস্ত্র উৎপাদনের বিরুদ্ধে তারা এ পদক্ষেপ নিয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ও ছবিতে ভবনটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে বোঝা যায়।
বেলজিয়ামের প্রতিরক্ষা মন্ত্রী থেও ফ্রানকেন সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় এ ঘটনাকে উগ্রপন্থীদের কাজ বলে মন্তব্য করেছেন। ঘটনার পর পুলিশ ও সংশ্লিষ্ট সংস্থা তদন্ত কার্যক্রম শুরু করেছে।
