বুলগেরিয়ায় সেপ্টেম্বরে প্রাকৃতিক গ্যাসের মূল্য ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। দেশটির জ্বালানি ও পানি নিয়ন্ত্রক কমিশনের অনুমোদন অনুযায়ী, প্রতি মেগাওয়াটঘণ্টা গ্যাসের জন্য নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে ৪১.৬০ ইউরো। তবে এই দামের সঙ্গে সংযোগ ফি, পরিবহন খরচ, বিশেষ শুল্ক ও মূল্য সংযোজন কর (ভ্যাট) অন্তর্ভুক্ত নয়। নতুন এই হার মূলত বুলগারগাজের মাধ্যমে স্থানীয় বিদ্যুৎ ও তাপ শক্তি উৎপাদক প্রতিষ্ঠানে সরবরাহ করা হবে।

কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, মূল্যবৃদ্ধি হলেও বুলগেরিয়ায় গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারের তুলনায় এখনও ৩০ শতাংশের বেশি কম। ইউরোপের বাজারে সেপ্টেম্বর চুক্তিপত্র অনুযায়ী প্রতি মেগাওয়াটঘণ্টা গ্যাসের দাম ৬৬.৯৮ থেকে ৬৮.৯২ ইউরোর মধ্যে ওঠানামা করছে। ফলে বুলগেরিয়ার গ্রাহকরা প্রতি মেগাওয়াটঘণ্টায় গড়ে ২৫ ইউরো কম দামে গ্যাস সংগ্রহ করতে পারবেন।

কমিশন আরও জানিয়েছে, আসন্ন শরৎ মৌসুম জুড়ে প্রাকৃতিক গ্যাসের মূল্য উচ্চ অবস্থানেই থাকতে পারে বলে পূর্বাভাস রয়েছে। ইউরোপের গ্যাস ভাণ্ডার বর্তমানে মোট ধারণক্ষমতার ৬২ থেকে ৬৩ শতাংশ পূর্ণ আছে। এতে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমদানিতে ঝুঁকি বাড়াচ্ছে বলে সতর্ক করেছেন সংশ্লিষ্টরা।

সেপ্টেম্বরে নির্ধারিত এই মূল্য নির্ধারণে আজারবাইজানের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তিতে সরবরাহকৃত গ্যাস, ইলেকট্রনিক পদ্ধতিতে ক্রয় করা তরলীকৃত গ্যাস, গ্যাস নেটওয়ার্কে সংযোগ ফি এবং স্থানীয় চিরেন ভূগর্ভস্থ গ্যাস ভাণ্ডারের ব্যয় অন্তর্ভুক্ত করা হয়েছে।