বেলজিয়ামের বারশেম-সান্ত-আগাথ শহরের সামাজিক কল্যাণ কেন্দ্র (CPAS) জানিয়েছে, বেকারত্ব সংক্রান্ত সংস্কারের পর খাদ্য সহায়তার জন্য আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে। লা ডি এইচ প্রকাশিত তথ্য অনুযায়ী, মার্চ মাসে যেখানে ৫২০ জন খাদ্য সহায়তা নিয়েছিলেন, জুলাইয়ে এই সংখ্যা বেড়ে ৬২৫ জনে দাঁড়িয়েছে। পাঁচ মাসে এতে প্রায় ২০ শতাংশ বৃদ্ধি হয়েছে।
নতুন বেকারত্ব সংস্কার ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হওয়ার কথা। এর ফলে টানা ২০ বছর বা তার বেশি সময় ধরে কর্মহীন থাকা ব্যক্তিদের মধ্যে অনেকেই সহায়তা পাওয়া বন্ধ হয়ে যাচ্ছে। সংস্থার সভাপতি মার্ক হারম্যানস জানিয়েছেন, ২০২৬ সালের শুরুতেই গড়ে আরও ১০০ জন ব্যক্তি খাদ্য সহায়তার আবেদন করেছেন। বারশেম-সান্ত-আগাথ শহরের জনসংখ্যা ২৫ হাজারের মতো। চাহিদা মেটাতে বিতরণ কার্যক্রম অব্যাহত রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নতুনভাবে কাজের পরিবেশ ও পদ্ধতি সাজিয়েছে।
খাদ্য সহায়তার প্রয়োজনীয়তা বাড়লেও বরাদ্দ কমে গেছে বলে সংস্থাটি জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়নের FEAD ও FSE+ কর্মসূচির আওতায় ২০২৫ সালে খাদ্য ক্রয়ে বরাদ্দ ছিল ২৭ মিলিয়ন ইউরো, যা ২০২৬ সালে কমে দাঁড়াবে ১৫ মিলিয়ন ইউরোতে। বরাদ্দ কমার ফলে স্থানীয় পর্যায়ে খাদ্য সংগ্রহ ও বিতরণের পরিমাণ হ্রাস পেয়েছে। তবুও, বাড়তি চাহিদা সামাল দিতে নিরলসভাবে কাজ করছে সামাজিক কল্যাণ কেন্দ্রের কর্মীরা।
