বেলজিয়ামের উগ্র ডানপন্থী রাজনৈতিক দল ফ্ল্যামস বেল্যাং দেশটির অভিবাসনবিরোধী প্রচারণায় নতুন মাত্রা যোগ করে সম্প্রতি তুর্কি সম্প্রদায়কে সরাসরি লক্ষ্যবস্তু করে তুলেছে। দলটি প্রকাশিত একাধিক পোস্টারে তুরস্কের মানচিত্র ও জাতীয় পতাকা ব্যবহার করে জানিয়েছে, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত তুরস্ক থেকে ১১ হাজার ৫৭৬ জন আশ্রয়প্রার্থী বেলজিয়ামে প্রবেশ করেছে। এসব পোস্টারে দলের প্রচার স্লোগান ‘জায়গা নেই’ ব্যবহার করে অভিবাসীদের প্রতি নেতিবাচক মনোভাব ছড়ানো হয়েছে।
স্থানীয় পর্যবেক্ষকদের মতে, এই ধরনের উসকানিমূলক প্রচারণা দেশটিতে বর্ণবাদী ও চরমপন্থী গোষ্ঠীকে আরও উৎসাহিত করছে, যার ফলে বিভিন্ন স্থানে তুর্কি ভাষাভাষী ও বিশেষত হিজাব পরিহিত নারীরা হয়রানি ও শারীরিক নির্যাতনের শিকার হচ্ছেন। ইতিমধ্যে কিছু ব্যক্তির ওপরে প্রকাশ্যে হামলার ঘটনা ঘটেছে বলেও জানা গেছে।
বিশেষজ্ঞ ও অধিকারকর্মীরা বলেছেন, রাজনৈতিক দলগুলোর ঘৃণামূলক বক্তব্য ও বর্ণবাদী নীতিমালা সমাজে অস্থিরতা তৈরি করছে এবং নিরীহ মানুষদের জন্য তা মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারা কর্তৃপক্ষের কাছে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন, যাতে ঘৃণার প্রচার ও সহিংসতা প্রতিরোধ নিশ্চিত করা যায়।
