বেলজিয়ামের টুরনাই শহরের একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্র থেকে পালিয়ে যাওয়া ৩৯ বছর বয়সী এক ব্যক্তিকে খুঁজছে দেশটির পুলিশ। ওই ব্যক্তির বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ থাকায় তাকে টুরনাইয়ের ‘লে মারোনিয়ে’ মানসিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছিল। ৭ আগস্ট অস্থায়ীভাবে কেন্দ্রে বাইরে যাওয়ার অনুমতি দেওয়ার পর তিনি আর ফিরে আসেননি।
ব্রাসেলসের সরকারি কৌঁসুলির আবেদনে পুলিশ তার সন্ধানে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পুলিশ জানিয়েছে, এই ব্যক্তি জনসাধারণের জন্য বিপজ্জনক হতে পারেন। কেউ তার মুখোমুখি হলে কাছে না যাওয়ার এবং দ্রুত পুলিশকে জানাতে অনুরোধ করা হয়েছে।
পলাতকের উচ্চতা প্রায় ১ মিটার ৭৩ সেন্টিমিটার, গড় শারীরিক গঠন, বাদামি চুল ও বাদামি চোখ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
