ফ্রান্সের কোত-দ'অর অঞ্চলের ভোসনে-রোমানে এলাকায় নিজের গুদামঘর পরিষ্কার করার সময় এক ব্যক্তি প্রায় ২০টি ডিনামাইট ও একটি বিস্ফোরক ফিউজের বাক্স খুঁজে পান। ধারণা করা হচ্ছে, বহু পুরোনো ও ক্ষয়ে যাওয়া এসব বিস্ফোরক গত ৪০-৫০ বছর যাবত ওই গুদামেই পড়ে ছিল।

ঘটনার পর পরই স্থানীয় পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তা নিশ্চিত করে। বিস্ফোরক দ্রব্যগুলো নিষ্ক্রিয় করতে বিশেষায়িত বোমা নিষ্ক্রিয়কারী দল আসার অপেক্ষায় রয়েছে।

পুলিশ জানিয়েছে, কেউ যদি পুরোনো বিস্ফোরক, গোলাবারুদ কিংবা সন্দেহজনক কোনো ঝুঁকিপূর্ণ বস্তুর সন্ধান পান, তাহলে সেটি না ছোঁয়ার এবং না সরানোর পরামর্শ দেওয়া হয়েছে। আশেপাশের লোকজনকে নিরাপদ দূরত্বে নিয়ে যাওয়ার ও দ্রুত জরুরি সেবার জন্য নির্ধারিত সংযোগ নম্বরে ফোন করার নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বহু বছর পার হয়ে গেলেও এ ধরনের বিস্ফোরক দ্রব্য বিপজ্জনক রয়ে যেতে পারে।