টানা তিন ত্রৈমাসিক প্রবৃদ্ধির মাধ্যমে জার্মান অর্থনীতিতে চাঙ্গাভাব দেখা গেলেও দেশটির ব্যবসা প্রতিষ্ঠানগুলো দক্ষ কর্মী সংকটে ভুগছে। মিউনিখভিত্তিক অর্থনৈতিক গবেষণা প্রতিষ্ঠান ইফো পরিচালিত সাম্প্রতিক এক জরিপে অংশগ্রহণকারীদের ২৩ দশমিক ২ শতাংশ জানান, তারা পছন্দসই দক্ষ কর্মী পাচ্ছেন না। এপ্রিলে এই সংখ্যা ছিল ২১ দশমিক ১ শতাংশ।

দীর্ঘমেয়াদি গড়ের তুলনায় বর্তমান সংকট কিছুটা কম হলেও বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, অর্থনৈতিক অগ্রগতি অব্যাহত থাকলে দক্ষ কর্মী সংকট আরও বাড়বে। ইফো-র গবেষক দারিয়া শালার বলেন, অর্থনীতির আরও দ্রুত পুনরুদ্ধার হলে দক্ষ কর্মীর চাহিদা দ্রুত বাড়বে।

সেবাখাতে কোম্পানিগুলোর ২৫ দশমিক ৭ শতাংশ দক্ষ কর্মী পেতে হিমশিম খাচ্ছে, টেলিকমিউনিকেশন খাতে এই হার বেড়ে ৩১ দশমিক ১ শতাংশে পৌঁছেছে, যা আগে ছিল ১৬ দশমিক ৩ শতাংশ।

আইন, কর পরামর্শ এবং নিরীক্ষা খাতে দক্ষ জনবল ঘাটতি ৫২ দশমিক ৪ শতাংশ থেকে বেড়ে ৬৪ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। শিল্পখাতে কোম্পানিগুলোর ১৮ দশমিক ৭ শতাংশ এবং কাগজশিল্পে ৩৫ শতাংশ প্রতিষ্ঠান দক্ষ কর্মী পেতে সমস্যার কথা জানিয়েছে। নির্মাণ খাতে এই সংখ্যা ৩২ দশমিক ৬ শতাংশ।