কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও চীনের সঙ্গে প্রতিযোগিতার লক্ষ্য সামনে রেখে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সাতটি বৃহৎ এআই মেগাফ্যাক্টরি স্থাপনের উদ্যোগ নিয়েছে। সম্প্রতি ইউরোপীয় কমিশনের এক ঘোষণায় জানানো হয়, ৩০ বিলিয়ন ইউরো বাজেটের এই প্রকল্পের ৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেবে ইইউ নিজে। বাকি অর্থের বড় একটি অংশ আসবে সদস্য দেশগুলো ও বেসরকারি খাত থেকে।
নতুন এই কারখানাগুলোতে সুপারকম্পিউটার এবং আধুনিক তথ্যকেন্দ্র একত্রে ব্যবহৃত হবে, যা সর্বাধুনিক এআই মডেল প্রশিক্ষণে কাজে লাগবে। প্রকল্পে পরিবেশগত মান বজায় রাখা, আমেরিকান প্রযুক্তি নির্ভরতা কমানো এবং বাজেট ঘাটতি কাটিয়ে ওঠার মতো নানা চ্যালেঞ্জ সামনে রেখে পরিকল্পনা নেওয়া হয়েছে। এটি ২০২৫ সালে প্যারিসে অনুষ্ঠিতব্য এআই অ্যাকশন সামিটে ঘোষিত প্রাথমিক পাঁচটি কেন্দ্রের পরিকল্পনাকেও ছাড়িয়ে যাচ্ছে।
এই প্রকল্পে বিনিয়োগ করতে আগ্রহী প্রতিষ্ঠাগুলোকে সরকারি বরাদ্দের তুলনায় দ্বিগুণ অর্থ নিজস্ব তহবিল থেকে যোগানের শর্ত রাখা হয়েছে। ইউরোপীয় কমিশন জানায়, এমন উদ্যোগের মাধ্যমে ইউরোপে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির প্রতিযোগিতা ও উদ্ভাবন বাড়ানোর পাশাপাশি এ ক্ষেত্রে কৌশলগত স্বনির্ভরতা এবং বৈশ্বিক নেতৃত্ব প্রতিষ্ঠার লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ইইউ।
