বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় বিশেষ অভিযানে একটি চোরাচালান ফেন্টানিল উৎপাদনকারী ল্যাবরেটরি উদ্ধার করেছে দেশটির সংগঠিত অপরাধ দমন বিভাগ। বুধবার ভোরে পরিচালিত এ অভিযানে সোফিয়ার 'ফাকুলতেতা' এলাকায় পশুপালনের জন্য ব্যবহৃত একটি ভবনে গোপনে পরিচালিত আধুনিক প্রযুক্তিসম্পন্ন ওই ল্যাবরেটরিটি চিহ্নিত হয়।
অভিযানে ফেন্টানিল উৎপাদন ও সরবরাহের সঙ্গে জড়িত সন্দেহে ১০ জনকে আটক করা হয়েছে। আটককৃত ব্যক্তিদের মধ্যে রাজধানী সোফিয়া থেকে তিনজন এবং দেশের বিভিন্ন অঞ্চলে একযোগে পরিচালিত আরও কয়েকটি অভিযানে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
ল্যাবরেটরিতে তল্লাশির সময় ফেন্টানিল উৎপাদনের জন্য ব্যবহৃত সব ধরনের রাসায়নিক উপকরণ এবং প্রস্তুত অবস্থায় বিপুল পরিমাণ ফেন্টানিল জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, উদ্ধার করা ল্যাবরেটরিতে দৈনন্দিন ছয় থেকে দশ কেজি পর্যন্ত ফেন্টানিল উৎপাদনের সক্ষমতা ছিল। এসব মাদকের একটি বড় অংশ স্থানীয় বাজারে সরবরাহ করা হতো।
বুলগেরিয়ার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের মহাসচিব লিউবোমির নিকোলভ জানান, সফল এই অভিযানের ফলে দেশে সাময়িকভাবে ফেন্টানিলের সংকট সৃষ্টি হতে পারে। অভিযানে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। বিষাক্ত রাসায়নিক সামলার জন্য টক্সিকোলজি এবং জরুরি চিকিৎসা টিমও প্রস্তুত রাখা হয়।
ল্যাবরেটরিতে জব্দ করা মাদকের প্রকৃত পরিমাণ নিশ্চিত করতে এখনো তদন্ত চলছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
