চলতি বছরের শুরু থেকে ইউরোপের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়া বনাঞ্চলে আগুনে ৫ লাখ ৩০ হাজার হেক্টর জমি পুড়ে গেছে। বিশেষ করে স্পেন ও ফ্রান্সে পরিস্থিতি তুলনামূলকভাবে সবচেয়ে ভয়াবহ হয়েছে। মার্কিন আবহাওয়া সংস্থা আকিউওয়েদার-এর বিশ্লেষণ অনুযায়ী, এই আগুনের অর্থনৈতিক ক্ষতি ১৫ দশমিক ৬ থেকে ১৯ দশমিক ১ বিলিয়ন ইউরোর মধ্যে।
আর্থিক ক্ষতির পরিমাণ নির্ধারণে শুধু সরাসরি ক্ষতি নয়, তাৎক্ষণিক সাড়াপ্রদান, স্বাস্থ্যে দীর্ঘ-স্বল্পমেয়াদি প্রভাব, দৈনন্দিন জীবন ও অর্থনৈতিক কর্মকাণ্ডের ব্যাঘাতসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, পশ্চিম ও মধ্য ইউরোপের অধিকাংশ এলাকা বর্তমানে বড় ধরনের অগ্নিকাণ্ডের উচ্চ ঝুঁকিতে রয়েছে। এর মধ্যে ফ্রান্সের কিছু অংশ, স্পেনের উত্তরাঞ্চল এবং ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণ এলাকাকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে মনে করা হচ্ছে।
আকিউওয়েদার বলছে, ইউরোপে চলমান অতিরিক্ত তাপদাহ ও খরার কারণে শীত মৌসুম পর্যন্ত আগুন লাগার ঝুঁকি অব্যাহত থাকবে। এছাড়া দক্ষিণ স্ক্যান্ডিনেভিয়া, ইতালি, পূর্ব ইউরোপের কিছু অংশ ও বলকান অঞ্চলেও উল্লেখযোগ্য হারে বনাঞ্চলে আগুন লাগার আশঙ্কা রয়েছে। গত বছর ইউরোপে বনাঞ্চলে অগ্নিকাণ্ডে মোট ১০ লাখ ৮০ হাজার হেক্টর জমি বিলীন হয়েছিল।
