বেলজিয়ামে আসন্ন আগষ্ট মাসে তাপমাত্রা ঋতুর স্বাভাবিক মাত্রার তুলনায় বেশ কিছুটা বেশি থাকবে বলে আশঙ্কা করছেন আবহাওয়াবিদরা। দেশটির খ্যাতনামা আবহাওয়া বিশেষজ্ঞ ডেভিড ডেনো’র পূর্বাভাস অনুযায়ী, আগষ্টের প্রথম দুই সপ্তাহজুড়ে তাপমাত্রা সাধারণত ২৫ থেকে ৩০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করবে। এ সময় প্রচুর রোদের পাশাপাশি কখনও কখনও আংশিক মেঘলা আকাশ এবং কিছু কিছু এলাকায় স্বল্পস্থায়ী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
তবে মাসের দ্বিতীয়ার্ধের আবহাওয়া পরিস্থিতি এখনো স্পষ্ট নয়। বিশেষজ্ঞরা জানিয়েছেন, তখনো তাপমাত্রা ঋতুর স্বাভাবিকের চেয়ে এক থেকে দুই ডিগ্রি বেশি থাকতে পারে।
ডেভিড ডেনো আরও বলেন, এবারের গ্রীষ্মের তাপপ্রবাহ বেলজিয়ামের আবহাওয়ার ইতিহাসে নজির স্থাপন করতে পারে। তার মতে, ২০২৬ সালে দেশটিতে আরো রেকর্ড ভাঙা উষ্ণতম গ্রীষ্ম হতে পারে এবং এই বছরের গ্রীষ্মেও ২০১৮ সালের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছাড়িয়ে যেতে পারে। তিনি জানান, তাপমাত্রা চলতি বছরের শেষ নাগাদও বেশি থাকলে, ২০২৬ সাল বেলজিয়ামের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার সম্ভাবনা ৫০ থেকে ৬০ শতাংশ।
এছাড়া, আগষ্ট মাস জুড়ে বেলজিয়ামের বিভিন্ন অঞ্চলে স্থানীয়ভাবে হালকা কিংবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। তবে এসব বৃষ্টিপাত দেশটির চলমান খরা পরিস্থিতিতে তেমন প্রভাব ফেলবে না বলে ধারণা করা হচ্ছে।
বিশেষজ্ঞরা বলছেন, বেলজিয়ামে সাম্প্রতিক বছরগুলোতে তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা জলবায়ু পরিবর্তনের সঙ্গে জড়িত থাকতে পারে।
