জার্মানিতে পরিচালিত সর্বশেষ এক জনমত জরিপে উঠে এসেছে, দেশের নাগরিকদের রাষ্ট্রের প্রতি আস্থা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। দেশটির সরকারি কর্মকর্তাদের সংগঠন জার্মান অফিসার্স ইউনিয়ন (ডিবিবি) এর উদ্যোগে পরিচালিত এ জরিপের ফল প্রকাশ করা হয়েছে বৃহস্পতিবার। জরিপ অনুসারে, সরকারের ওপর আস্থা রাখা মানুষের হার বর্তমানে মাত্র ১৭ শতাংশ। অংশগ্রহণকারীদের ৭৯ শতাংশই মনে করছেন, বিভিন্ন দায়িত্ব ও সমস্যার চাপ সামলাতে সরকার ব্যর্থ হচ্ছে।
ডিবিবি সভাপতি ফল্কার গেয়ার জরিপের ফলাফলকে সরকারের জন্য 'বিপর্যয়' এবং 'সতর্ক সংকেত' হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, জনগণের আস্থা নতুন নিম্নস্তরে পৌঁছেছে এবং নেতাদের এখনই ব্যবস্থা নিতে হবে। জরিপে আরও প্রকাশ পেয়েছে, সামাজিক নিরাপত্তা, পেনশন ও অর্থনৈতিক নীতিতে সরকারের দক্ষতা নিয়ে সাধারণ মানুষের অসন্তোষ সবচেয়ে বেশি।
সরকারি দপ্তরগুলোর দক্ষতা নিয়ে বিশেষ অংশে দেখা গেছে, সবচেয়ে ভালো মূল্যায়ন পেয়েছেন অগ্নিনির্বাপক ও স্বাস্থ্যকর্মীরা। অন্যদিকে, ফেডারেল ও আঞ্চলিক মন্ত্রণালয় এবং রাজনীতিবিদরা সবচেয়ে কম নম্বর পেয়েছেন। অধিকাংশ অংশগ্রহণকারী বিগত বছরগুলোর তুলনায় সরকারি সেবার মানের অবনতি হয়েছে বলে মনে করেন। এ অবস্থার জন্য ডিবিবি প্রধান কর্মীর স্বল্পতা, বাড়তি চাপ এবং পুরোনো সরঞ্জামের কথা উল্লেখ করেছেন। সমাজের আস্থা পুনঃপ্রতিষ্ঠায় দ্রুত সংস্কারমূলক পদক্ষেপ নিতে কর্তৃপক্ষের প্রতি দাবি জানানো হয়েছে।
