বেলজিয়ামের ব্রাসেলসে বেকারভাতা গ্রহণকারীর সংখ্যা গত বছরের জুলাই মাসের তুলনায় ৪০ শতাংশের বেশি কমেছে। চলতি বছরের জুলাই মাস শেষে এ সংখ্যা ২০ হাজার ৮৪৮ জনে নেমে এসেছে। দেশটির শ্রম সংস্থা Actiris জানিয়েছে, বেকারভাতার মেয়াদ সীমিত করায় এই আশাতীত পতন হয়েছে।
তবে মোট নিবন্ধিত বেকার সংখ্যা বরং বেড়েছে। তথ্য অনুযায়ী, জুলাই মাসের শেষে ব্রাসেলসে মোট নিবন্ধিত বেকারের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ হাজার ৩৯২ জনে, যা গত বছরের তুলনায় ৩ দশমিক ৪ শতাংশ বেশি।
দৃষ্টি কেড়েছে আরেকটি তথ্য। নিবন্ধিত বেকারদের মধ্যে ৩৩ হাজার ৭৫ জন — অর্থাৎ প্রায় ৩৪ শতাংশ — সরকারি সামাজিক সহায়তা সংস্থাগুলোর (CPAS) সেবা নিচ্ছেন। এক বছরে এই সংখ্যা বেড়েছে ৭০ শতাংশেরও বেশি।
এদিকে ব্রাসেলসে বর্তমানে বেকারত্বের হার দাঁড়িয়েছে ১৫ দশমিক ৭ শতাংশে। গত বছরের তুলনায় ০ দশমিক ২৩ পয়েন্ট বেড়েছে এই হার।
Actiris বলছে, বেকারভাতা সীমিত করলেও মোট বেকারের সংখ্যা কমেনি। বরং অনেকেই এখন সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন। বিশেষ করে তরুণদের মধ্যে বেকারত্ব উদ্বেগজনক হারে বেড়েছে। ২৫ বছরের নিচের বেকারের সংখ্যা এক বছরে ১৭ শতাংশ বেড়েছে। তবে দুই বছরের বেশি সময় ধরে বেকার এমন ব্যক্তির সংখ্যা কিছুটা কমেছে।
নারী ও পুরুষ — উভয় শ্রেণির মধ্যে বেকারত্বের হারে তেমন কোনো পার্থক্য নেই।
