তুরস্কের বিটলিস প্রদেশের আদিলজেভাজ অঞ্চলে ভ্যান লেকের রাজকীয় প্রান্তে অবস্থিত কেফ দূর্গে চলমান প্রত্নতাত্ত্বিক খননে উরার্তু রাজা দ্বিতীয় রুসার শাসনামলের উল্লেখযোগ্য স্থাপত্য ও ঐতিহাসিক নিদর্শন উদ্ধার হয়েছে। সমুদ্রপৃষ্ঠ থেকে ২,৩০০ মিটার উচ্চতায় অবস্থিত এই দূর্গে ভ্যান ইউজুনকু ইয়িল বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক ড. ইসমাইল কোশকুনের নেতৃত্বে কাজ করছেন একদল গবেষক।
গত বছর আবিষ্কৃত আটটি স্তম্ভবিশিষ্ট একটি বৃহৎ হল, সংযুক্ত রান্নাঘর ও গুদামঘর এলাকায় এবার খননের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষণা দলে প্রত্নতাত্ত্বিকদের পাশাপাশি ভূতত্ত্ববিদ, শিল্প-ইতিহাসবিদ, নৃতত্ত্ববিদ, রাজনৈতিক বিশ্লেষক, দার্শনিক ও ধর্ম ইতিহাসবিদরাও যুক্ত রয়েছেন।
খননকালে উদ্ধার হওয়া সিরামিকের টুকরো, গয়না, ছাইয়ের স্তর ও নানা বস্তু দেখে ধারণা করা হচ্ছে, কেফ দূর্গটি কেবল সামরিক ও প্রশাসনিক নয়, ধর্মীয় অনুষ্ঠানেও ব্যবহৃত হতো। ড. কোশকুন জানান, দূর্গের ওপরতলার একটি হল পুরোপুরি পরিষ্কার করা হয়েছে এবং ধারণা করা হয়, এখানে ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হতো। এ ছাড়া পাওয়া বিভিন্ন এলাকা বিশ্লেষণ করে দেখা গেছে, বড় ধরনের ভূমিকম্প ও পরে অগ্নিকাণ্ডের কারণে এই অংশগুলো ব্যবহারের অযোগ্য হয়ে পড়েছিল।
কেফ দূর্গে এই প্রত্নতাত্ত্বিক কাজ বিটলিস ও আদিলজেভাজ অঞ্চলের ইতিহাস সম্পর্কে নতুন আলোকপাত করছে বলে জানান গবেষকরা। দূর্গটি তুরস্কে সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত খননক্ষেত্রগুলোর একটি এবং সরকারি সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয়ের সহায়তায় কাজ চলছে।
