বেলজিয়ামের ফ্লেমিশ অঞ্চলে অবৈধ ও অপরাধ সংশ্লিষ্ট এয়ারবিএনবি ভাড়াবাড়ি বন্ধে নতুন ও আরও কঠোর বিধিনিষেধ ঘোষণা করেছে স্থানীয় সরকার। স্থানীয় সংবাদমাধ্যম ডি স্ট্যান্ডার্ড জানিয়েছে, অনলাইন ভাড়া প্ল্যাটফর্মগুলোকে এখন থেকে ঘোষণা করতে হবে যে, প্রত্যেকটি ভাড়াবাড়ির আনুষ্ঠানিক নিবন্ধন রয়েছে। সরকারি অনুমোদন ছাড়া কোনো বাড়ি এয়ারবিএনবি বা বুকিং ডটকম-এ তালিকাভুক্ত করা যাবে না।
ফ্লেমিশ এলাকায় দীর্ঘদিন ধরেই নিয়মবহির্ভূত ভাড়াবাড়ি কর্তৃপক্ষের জন্য মাথাব্যথার কারণ ছিল। বিশেষ করে সব ভাড়াবাড়ি 'ভিজিট ফ্ল্যান্ডার্স' নামক দপ্তরে নিবন্ধন করানোর নীতি অনেক ক্ষেত্রেই অনুসরণ করা হচ্ছিল না। এ সমস্যা সমাধানে সম্প্রতি মন্ত্রিপরিষদের বৈঠকে নতুন একটি বিধিমালা অনুমোদন দেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, দুর্ব্যবহার, শব্দদূষণ কিংবা অপরাধ সংক্রান্ত কর্মকাণ্ডের ক্ষেত্রে স্থানীয় প্রশাসন কেবল মাত্র পৌর পুলিশ রিপোর্টের ভিত্তিতে ওই ভাড়াবাড়ির লাইসেন্স বাতিল করতে পারবে। ভ্রমণ ও আবাসন মন্ত্রী মেলিসা দেপ্রায়তেরে জানিয়েছেন, 'এখন থেকে প্রতিটি তালিকায় স্বচ্ছতা নিশ্চিত করা হবে'। যারা বাড়ি ভাড়া দিতে চান, তাদেরকে যাচাইযোগ্য একজন সংযোগ ব্যক্তি উল্লেখ করতে হবে।
নতুন আইনটি কার্যকর হতে হলে আসন্ন শরৎকালীন অধিবেশনে ফ্লেমিশ পার্লামেন্টের সম্মতি লাগবে বলে জানানো হয়েছে।
