নেদারল্যান্ডসের দক্ষিণ ও পূর্বাঞ্চলে সকলের জন্য সতর্কবার্তা জারি করেছে দেশের জাতীয় জনস্বাস্থ্য ও পরিবেশ ইনস্টিটিউট (RIVM)। ২৯ জুলাই থেকে এই অঞ্চলে গ্রীষ্মের তাপমাত্রা বেড়ে যাওয়ায় জাতীয় তাপপ্রবাহ পরিকল্পনা কার্যকর করা হয়েছে। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি জানিয়েছে, আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই পরিকল্পনা লিমবার্গ, নূরড-ব্রাবান্ট, হেল্ডারল্যান্ড এবং ওভেরইজসেল প্রদেশে কার্যকর থাকবে। চলতি বছর এটি তৃতীয়বারের মতো চালু করা হলো।

বিশেষত বয়স্ক, দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন এমন ব্যক্তি, সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা মানুষ, গৃহহীন এবং শিশুরা এই উষ্ণ আবহাওয়ায় বেশি ঝুঁকির মধ্যে রয়েছেন বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা। এসব ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে সমস্যার পাশাপাশি পিপাসার অনুভূতিও দেরিতে দেখা দিতে পারে। গরমে ক্লান্তি, মাথাব্যথা, মনোযোগে বিঘ্ন ও পানিশূন্যতা বা হিটস্ট্রোকসহ গুরুতর স্বাস্থ্যঝুঁকি বেড়ে যেতে পারে।

RIVM কর্তৃপক্ষ, অসহায় নাগরিকদের পাশে থেকে বিশেষ খেয়াল রাখার জন্য পরিবার ও পরিচর্যাকারীদের প্রতি আহ্বান জানিয়েছে। বাসা ঠান্ডা রাখতে পর্দা টানানো, ঠান্ডা রাখার যন্ত্রপাতি ব্যবহার এবং দুপুরের প্রচণ্ড গরমে বাইরে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি, রোদে পোড়া থেকে বাঁচতে যথাযথ সতর্কতা অবলম্বন ও নিয়মিত পর্যাপ্ত তরল গ্রহণের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।