ব্রাসেলস বিমানবন্দরে শনিবার সকালে পাসপোর্ট চেকপোস্টে প্রচণ্ড ভিড়ের কারণে যাত্রীদের চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। বিশেষ করে শেঙ্গেন অঞ্চলের বাইরের দেশ থেকে আসা যাত্রীদের চেকপোস্টে চার ঘণ্টারও বেশি সময় ধরে অপেক্ষা করতে হয়েছে।

একাধিক ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে অবতরণ করায় সকাল থেকেই কন্ট্রোল পয়েন্টে বড় ধরনের জট তৈরি হয়। ভিড় এতটাই বেড়ে যায় যে, চেকপোস্টে দীর্ঘ লাইন দেখা যায়। যাত্রীদের অভিযোগ, সেখানে পর্যাপ্ত বসার ব্যবস্থা ছিল না, ফলে বিশেষ করে শিশু ও বয়স্কদের চরম দুর্ভোগ পোহাতে হয়েছে। কর্তৃপক্ষ পানি সরবরাহ করলেও মৌলিক সুযোগ-সুবিধার ঘাটতির জন্য সমালোচনা করেছেন অনেকে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি কয়েক ঘণ্টার মধ্যে স্বাভাবিক হলেও, সম্প্রতি এ রকম ভিড়ের ঘটনা ঘনঘন ঘটছে। কর্মকর্তারা জানান, সকালবেলা অতিরিক্ত চাপ সামলাতে সাময়িকভাবে বায়োমেট্রিক চেক স্থগিত করতে হয়।

বিশেষজ্ঞরা বলছেন, এন্ট্রি/এক্সিট সিস্টেম (ইইএস) নামে নতুন বায়োমেট্রিক যাচাইকরণ পদ্ধতি চালু হওয়ার পর চেকিংয়ের গতি আগের তুলনায় অর্ধেক হয়ে গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী বার্নার্ড কোয়েন্টিন জানিয়েছেন, আসন্ন গ্রীষ্মকালীন মৌসুমে যাত্রী বাড়বে ধরে সব চেকপোস্ট সম্পূর্ণ কার্যকর রাখতে উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন কর্মী নিয়োগের পাশাপাশি প্রশিক্ষণ কার্যক্রম চলছে এবং সিস্টেম দ্রুতগতিতে চালাতে নানা পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে।

বিমানবন্দরে যাত্রীদের অপেক্ষার সময় কমাতে বিশেষ পরিকল্পনাকারী ও নতুন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে সন্তুষ্টি নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।