বুলগেরিয়ার শ্রমবাজারে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে সবচেয়ে বড় সংকোচন দেখা দিয়েছে। দেশটিতে চাকরির বিজ্ঞাপনের সংখ্যা গত বছর প্রায় ৩০ শতাংশ কমে গেছে। বর্তমানে খালি পদের সংখ্যা ২১ হাজারের আশেপাশে থাকলেও, বিশেষত লজিস্টিকস, উৎপাদন, আইটি এবং আউটসোর্সিং খাতে চাহিদার বড় ধরনের নিম্নমুখী প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মানবসম্পদ বিশেষজ্ঞদের মতে, এসব খাতে কৃত্রিম বুদ্ধিমত্তাসহ আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি পাওয়ায় কর্মীর চাহিদা কমে যাচ্ছে।
তবে, মৌসুমী কর্মসংস্থান যেমন পরিচ্ছন্নতা কর্মী ও পর্যটন সংশ্লিষ্ট পেশায় গ্রীষ্মকালে এখনও নিয়োগের প্রবণতা রয়েছে। পরিচ্ছন্নতা খাতে বেশি ভাগ শ্রমিকই বুলগেরিয়ার নাগরিক হলেও, কিছু ক্ষেত্রে বিদেশি শ্রমিক নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। অন্যদিকে, লজিস্টিকস ও উৎপাদনের মতো গুরুত্বপূর্ণ খাতে প্রতিষ্ঠানগুলো বেশ সতর্কভাবে এগোচ্ছে এবং কর্মী সংখ্যা কমানোর পথে এখনো হাঁটছে না বলে জানিয়েছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা।
বুলগেরিয়ায় গড় মোট মাসিক বেতন ১ হাজার ৪৭৫ ইউরো, যেখানে তথ্যপ্রযুক্তি খাতে এই সংখ্যাটি ৩ হাজার ইউরো পর্যন্ত উঠেছে। তবে, এই খাতেও বিগত বছর জরিপে চাকরির বিজ্ঞাপন ৬০ শতাংশ কমে গেছে। সবশেষ পরিসংখ্যানে দেখা যায়, দেশটিতে বেকারত্বের হার হঠাৎ করে বাড়েনি। বরং, ইউরোপীয় ইউনিয়নে বুলগেরিয়া এখনও নিম্নতম বেকারত্বের হারসম্পন্ন দেশগুলোর তালিকায় রয়েছে।
