বেলজিয়ামে চলতি বছরে বেকার ভাতা বন্ধ হওয়া ৯৯ হাজারেরও বেশি ব্যক্তির মধ্যে ৫৩ শতাংশ স্থানীয় সামাজিক সহায়তা কেন্দ্রে আর্থিক সহায়তার আবেদন করেছেন। দেশটির ডি উইভার সরকারের নেওয়া শ্রমবাজার সংস্কারের আওতায় দুই বছরের বেশি সময় ধরে বেকার ভাতা পাওয়ার সুযোগ বন্ধ করা হয়েছিল। তখন ধারণা করা হয়েছিল, ভাতা হারানোদের এক-তৃতীয়াংশের মতো নাগরিক কেবল সামাজিক সহায়তার জন্য আবেদন করবেন।
তবে ফেডারেল সামাজিক অন্তর্ভুক্তি দপ্তরের তথ্য বলছে, দীর্ঘমেয়াদে বেকার ভাতা বন্ধ হওয়া ৯৯ হাজার ১৬৬ জনের মধ্যে ৫২ হাজার ৫৯৩ জন এ ধরনের সহায়তা পেতে আবেদন করেছেন। তাদের মধ্য থেকে ৪৩ হাজার ৬০০ জনের বেশি নাগরিক এই সাহায্য পাওয়ার সুযোগ পেয়েছেন। অর্থাৎ, আবেদনকারীদের মধ্যে ৮৩ শতাংশ এবং বেকার ভাতা হারানোদের মধ্যে ৪৪ শতাংশ বাস্তবেই সহায়তা পেয়েছেন।
কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ডেভিড ক্ল্যারিনভাল পূর্বাভাস দিয়েছিলেন, ভাতা হারানোদের এক-তৃতীয়াংশ এই সামাজিক সহায়তার জন্য আবেদন করবেন। কিন্তু বিভাগভেদে এ প্রবণতায় বড় ধরনের পার্থক্য দেখা গেছে। দেশটির ফ্লেমিশ অঞ্চলে ৪২ শতাংশ, ব্রাসেলসে ৫১ শতাংশ এবং ভ্যালোন অঞ্চলে ৫৯ শতাংশ মানুষ সামাজিক সাহায্যের আবেদন করেছেন। এই হার সরকারি পূর্বাভাসের চেয়ে অনেক বেশি।
এই সহায়তা পাওয়া নাগরিকদের মধ্যে অর্ধেকেরও বেশি একক ব্যক্তি। প্রায় ৩১ শতাংশ আবেদনকারীর পরিবারের অন্তত একজন শিশু রয়েছে, যাদের তারা দেখাশোনা করেন। বাকি ১৭ শতাংশের মতো আবেদনকারী হয় সঙ্গী, নয়ত বাবা–মা বা পরিবারের অন্য সদস্যের সঙ্গে বসবাস করেন।
