আন্তর্জাতিক জ্বালানি সংস্থার (আইইএ) সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সালের প্রথম ছয় মাসে বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৯ মিলিয়নে পৌঁছেছে। তবে গত বছরের একই সময়ের তুলনায় এই বৃদ্ধি সামান্য পিছিয়েছে, যা মাত্র ১ শতাংশ কম। বৈশ্বিক এই মন্দার পেছনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে চীনে বিক্রি প্রায় ২০ শতাংশ কমে যাওয়া।

এছাড়া, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে অস্ট্রেলিয়া, ব্রাজিল, ভারত, দক্ষিণ কোরিয়া এবং ভিয়েতনামসহ কিছু বড় বাজারে বৈদ্যুতিক গাড়ির বিক্রিতে উল্লেখযোগ্য উত্থান লক্ষ্য করা গেছে। ২০২৫ সালের একই সময়ের তুলনায় এসব দেশে বৈদ্যুতিক গাড়ি বিক্রি দ্বিগুণ হয়েছে। চীনে সরকারি ভর্তুকি কমে যাওয়াতেই সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বৈশ্বিক চাহিদার ওপর।

ইউরোপের বাজারে এই খাতে বিপরীত চিত্র দেখা গেছে। ২০২৬ সালের প্রথমার্ধে ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি ৩০ শতাংশ বেড়েছে। বিশেষ করে জার্মানি, স্পেন ও ইতালির মতো বড় বাজারে রেকর্ড গাড়ি বিক্রির ঘটনা ঘটেছে। ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোতে বর্তমানে নতুন বিক্রি হওয়া প্রায় এক-তৃতীয়াংশ গাড়িই বৈদ্যুতিক। বৈশ্বিক গাড়ির মোট বিক্রি ৫ শতাংশ কমেছে, যার পেছনে অর্থনৈতিক অনিশ্চয়তা, জ্বালানির দাম বৃদ্ধি ও নীতিমালার পরিবর্তন উল্লেখযোগ্য বলে প্রতিবেদনে জানানো হয়েছে।