বেলজিয়ামে আগামী ২০২৭ সালের ১ মে থেকে সব ধরনের ব্যক্তিগত গাড়ির জন্য ডিজিটাল সড়ক করকে বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিয়েছে তিনটি আঞ্চলিক সরকার। এই নতুন আইন অনুযায়ী, ৩ দশমিক ৫ টনের কম ওজনের গাড়ি এবং দেশি-বিদেশি—সব ধরনের নম্বর প্লেটধারী যানবাহন এই করের আওতায় আসবে।

ডিজিটাল ট্যাক্স ট্যাগের পরিমাণ নির্ধারণ করা হবে গাড়ির কার্বন ডাই-অক্সাইড নিঃসরণ হার অনুযায়ী। ফলে পরিবেশবান্ধব গাড়ির জন্য কম ট্যাক্স নির্ধারিত হবে। সরকারের দাবি, এ ব্যবস্থার মূল উদ্দেশ্য হচ্ছে—বেলজিয়ামের সড়ক ব্যবহারকারী বিদেশি চালকদের কাছ থেকেও সমানভাবে সড়ক কর আদায় নিশ্চিত করা এবং চলমান ব্যবস্থায় অধিক ন্যায়বিচার প্রতিষ্ঠা করা।

তবে, এই নতুন কর ব্যবস্থার ফলে ইউরোপীয় ইউনিয়ন (ইউ ই) আইনে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। ইউরোপীয় আইনের নিয়ম অনুযায়ী, কোনো সদস্য দেশ বিদেশি চালকদের প্রতি বৈষম্যমূলক নীতি গ্রহণ করতে পারে না। এ কারণে সংশ্লিষ্ট নতুন আইন তিনটি আন্তঃআঞ্চলিক সরকারের মধ্যে সমন্বিত হলেও, এর সঙ্গে ইউরোপীয় বিষয়ে কীভাবে সামঞ্জস্য সাধন করা হবে—তা নিয়ে সংশোধিত আলোচনা অব্যাহত রয়েছে।