বুলগেরিয়ার বার্গাস ও ভারনা বন্দরে বিশাল পণ্য জব্দ করেছে দেশটির শুল্ক কর্তৃপক্ষ। ইউরোপীয় পাবলিক প্রসিকিউটরের কার্যালয় রোমানিয়ার সংশ্লিষ্টতার তদন্ত পরিচালনা করার সময় এ অভিযান চালানো হয়। অভিযানে লিথিয়াম-আয়ন প্রযুক্তির ৩,৮০০-এর বেশি টেকনিক্যাল মডিউল ও সংশ্লিষ্ট যন্ত্রাংশসহ ১২টি কনটেইনার জব্দ করা হয়েছে। এসব জব্দকৃত পণ্যের আনুমানিক মূল্য ২০ লাখ ইউরোরও বেশি।

কর্তৃপক্ষ জানিয়েছে, ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে পরিচালিত দুইটি প্রকল্পের অর্থ আত্মসাৎ এবং প্রতারণা সংক্রান্ত অভিযোগের তদন্তের অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়েছে। জব্দ দ্রব্যাদি, সংযোজন অংশ ও সংশ্লিষ্ট দলিলাদি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতোমধ্যে তদন্তের পরিধি আরও বাড়ানো হয়েছে।

গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, ঘটনাসংশ্লিষ্ট বিস্তারিত তথ্য বুলগেরিয়ান কাস্টমস এজেন্সির ওয়েবসাইটে পাওয়া যাবে। তদন্ত কার্যক্রম এখনো চলমান এবং ভবিষ্যতে এ বিষয়ে ইউরোপীয় প্রসিকিউটরদের সঙ্গে সব তথ্য শেয়ার করা হবে।