বেলজিয়ামে চলতি গ্রীষ্মে নজিরবিহীন তাপপ্রবাহ ও মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে খাদ্যপণ্যের দাম বৃদ্ধির আশঙ্কা দেখা দিয়েছে। জুন মাসে দেশটিতে রেকর্ড পরিমাণ তাপপ্রবাহের ঘটনা ঘটে, যা কৃষি উৎপাদনে মারাত্মক প্রভাব ফেলেছে। ইতিমধ্যে ফল চাষিরা উৎপাদন কমে যাওয়ার বিষয়টি জানিয়েছেন, ফসলহানির আশঙ্কাও দেখা দিয়েছে।
এছাড়া মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে কিছু সার ও অন্যান্য কৃষি উপকরণের সরবরাহ ও মূল্য বেড়েছে। এতে কৃষকদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পেয়েছে। যদিও ঠিক কতটা পরিমাণ এই সংকট ভোক্তা পর্যায়ে গিয়ে পৌঁছাবে, তা নিয়ে নিশ্চিতভাবে কিছু বলা যাচ্ছে না; তবে বিশেষজ্ঞরা মনে করছেন, আগামী শরৎ থেকেই খাদ্যদ্রব্যের দামে উল্ল্যেখযোগ্য বৃদ্ধি দেখা যেতে পারে। বিশেষ করে তাজা মাছ, মাংস এবং কফির মতো কিছু পণ্যে ইতোমধ্যে দাম বাড়তে শুরু করেছে।
বেলজিয়ামে দ্রব্যমূল্য বেশি থাকায় অনেক ভোক্তা প্রতিবেশী ফ্রান্সে গিয়ে কেনাকাটা করছেন। গবেষণায় দেখা গেছে, ফ্রান্সে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম বেলজিয়ার তুলনায় সর্বোচ্চ ৪৪ শতাংশ পর্যন্ত কম। এ পরিস্থিতি মোকাবিলায় সীমান্তবর্তী অঞ্চলে ক্রয় সীমিত করতে এবং সাধারণ মানুষের ওপর চাপ কমাতে সরকার শুল্ক ও কর কাঠামোতে পরিবর্তন আনার বিষয়ে ভাবছে। কিছু নির্বাচিত পণ্যের ওপর বিশেষ ভ্যাট ও কর ছাড়ের বিষয়টিও বিবেচনায় রয়েছে।
