বেলজিয়ামের আবহাওয়া বিশেষজ্ঞরা দেশটির নাগরিকদের জন্য একটি নতুন তাপপ্রবাহের সতর্কতা জারি করেছেন। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, খুব শিগগিরই দেশটি "মিনি হিট ডোম" বা উত্তাপমাত্রর একটি ক্ষণস্থায়ী প্রবাহের কবলে পড়তে পারে। আগামী শুক্রবার থেকে গরমের মাত্রা বাড়ার প্রবল সম্ভাবনা রয়েছে এবং অনেক এলাকায় পরপর পাঁচ দিন তাপমাত্রা ৩০ ডিগ্রি সেলসিয়াসের ওপরে থাকতে পারে।
আবহাওয়াবিদ ডেভিড ডেহেনাউ জানিয়েছেন, আবহাওয়া মডেলে কিছুটা অনিশ্চয়তা থাকলেও সাময়িক তাপমাত্রা বৃদ্ধির এই প্রবণতা স্পষ্ট। তিনি জানান, পরিবেশে পরিবর্তিত বায়ুপ্রবাহ এবং উচ্চচাপ বলয়ের কারণে এ ধরনের গরমের ঢেউ সৃষ্টি হচ্ছে, যা বুধবার ও বৃহস্পতিবার সবচেয়ে বেশি অনুভূত হতে পারে। মূলত এসব দিন রাতেও তাপমাত্রা ২০ থেকে ২২ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা কম, ফলে ঘরবাড়িতে রাতের সময় স্বস্তি পাওয়া কঠিন হতে পারে।
বেলজিয়ামে আনুষ্ঠানিকভাবে তাপপ্রবাহ ঘোষণার কিছু নির্দিষ্ট শর্ত থাকলেও, চলতি গ্রীষ্মে বিভিন্ন অঞ্চলে ছোটখাটো তিনটি গরমের ঢেউ ইতোমধ্যে এসেছে বলে জানা গেছে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, অগাস্টে এমন তাপপ্রবাহ অবশ্য খুব অস্বাভাবিক নয়, তবে সাম্প্রতিক বছরগুলোতে এই ধরনের গরম সাধারণত আরও পরে দেখা যায়। আগামী ১৫ অগাস্টের পর থেকে তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী কয়েক সপ্তাহে উল্লেখযোগ্য বৃষ্টিপাতের কোনও আভাস নেই বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা।
