জার্মানিতে ইলেকট্রনিক পণ্যের মেরামত বাধ্যতামূলক করার নতুন একটি আইন কার্যকর হয়েছে। এই আইন অনুযায়ী মোবাইল ফোন, ওয়াশিং মেশিন, ফ্রিজসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রপাতির নির্মাতাদের এখন থেকে যন্ত্রগুলো ব্যবহারকালীন সময়ে ব্যবহারকারীদের জন্য সহজশর্তে এবং ন্যায্য মূল্যে মেরামত সুবিধা নিশ্চিত করতে হবে। পাশাপাশি, এসব যন্ত্রপাতির জন্য পর্যাপ্ত পরিমাণে যন্ত্রাংশ সংরক্ষণও করতে হবে।

বিচার ও ভোক্তা অধিকার সুরক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের ভাষ্য, ওয়াশিং মেশিন ও ড্রায়ার নির্মাতাদের ১০ বছর এবং স্মার্টফোন নির্মাতাদের উৎপাদন বন্ধ হওয়ার পরও অন্তত ৭ বছর পর্যন্ত প্রয়োজনীয় যন্ত্রাংশ সরবরাহ করতে হবে।

আইন অনুযায়ী, এখন থেকে নির্মাতারা এমন যন্ত্র তৈরি করবে যাতে সহজে মেরামত করা যায় এবং মেরামতের ক্ষেত্রে যাতে সফটওয়্যার বা যন্ত্রের নকশাগত কোনো বাধা সৃষ্টি না হয়, সে বিষয়টিও নিশ্চিত করতে হবে। গ্রাহকদের কাছে মেরামত সংক্রান্ত তথ্য সরবরাহ করতে হবে এবং সেবাটি বিনামূল্যে বা তুলনামূলক স্বল্পমূল্যে দিতে হবে। ওয়াশিং মেশিন, ড্রায়ার, ডিশওয়াশার, ফ্রিজ, টেলিভিশন, মনিটর, স্মার্টফোন ও ট্যাবলেটের জন্য যন্ত্রাংশ রাখতে হবে। তবে, ইলেকট্রিক ভ্যাকুয়াম ক্লিনারসহ কিছু পণ্যের ক্ষেত্রে আপাতত এ বিধান প্রযোজ্য নয়।

নতুন এই আইন ভাঙা ডিভাইস মেরামতের উচ্চ খরচের বদলে গ্রাহকদের নতুন পণ্য কিনতে বাধ্য করার প্রবণতা কমাতে কার্যকর হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এছাড়া, এ আইন ভোক্তা অধিকারের আওতায় প্রত্যেক গ্রাহককে কারিগরি ত্রুটি নিজের কারণে হলেও মেরামত চাওয়ার সুযোগ দেবে।

নতুন নিয়ম শুধু জার্মানিতেই নয়, ইউরোপীয় ইউনিয়নের অন্যান্য দেশেও আজ থেকে কার্যকর হয়েছে।